চুয়েটনিউজ২৪.ডেস্ক:
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
৯অক্টোবর বুধবার বিকালে চট্টগ্রাম নগরীর জামালখান মোড়ে প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন পালন করেন চুয়েটের সাধারণ শিক্ষার্থীবৃন্দ। বৃষ্টিবাদলকে উপেক্ষা করে মানববন্ধনে চুয়েটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অভিযুক্ত আসামিদের বিচার চেয়ে বিভিন্ন পোস্টারে শিক্ষার্থীরা তাদের দাবিদাওয়াও তুলে ধরেন।
এ সময় বুয়েট ২০১৭-১৮ শিক্ষাবর্ষের দুইজন শিক্ষার্থী অভিষেক দাশ,প্রতনু ব্যানার্জি তাদের সহপাঠী হারানো আর্তি মানববন্ধনে তুলে ধরেন।
চুয়েটের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন চুয়েটের সাবেক ছাত্র স্বপ্নীল মিত্র,ফাহেল বিন নুর,তাওহিদুর রহমান জিহাদ,বিজয় মল্লিক। এছাড়া বর্তমান শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন অভিষেক অভি,আশফাক তানজিম,সাইফুল ইসলাম,ওয়াসিফ রাশেদ,সুমাইয়া সোমা,সৌম্য স্বরাজ,সাগরময় আচার্য্য,ইসরাত জাহান ফারিহা,মুজাহিদুল আরেফিন,আতাউল্লাহ জয়,ঋত্মিক মুরাল।
চুয়েটের চতুর্থ বর্ষের সাইফুল ইসলাম মানববন্ধনে বলেন ,বুয়েটের মতো সুনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানে রুম থেকে ডেকে নিয়ে গিয়ে পিটিয়ে আরেকজনকে হত্যা যেটি খুব দুখঃজনক এবং ভাষায় প্রকাশহীন একটা ঘটনা। অভিযুক্ত আসামিদের যথাযথ আইনের আওতায় আনতে হবে। যাতে ভবিষ্যতে এরকম ঘটনার পুনরাবৃত্তি করার সাহস কেউ না পায়। পাশাপাশি দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয় ছাত্রবান্ধব হিসেবে গড়ে তুলতে হবে যেনো শিক্ষার্থীরা তাদের মত প্রকাশের পূর্ণ বাকস্বাধীনতা পায়।
কান্নাভরা কন্ঠে আবরারের একই বিভাগের বন্ধু অভিষেক দাশ মানববন্ধনে বলেন , আবরার কখনো মুখ তুলে কারো সাথে বেয়াদবি করেনি,চলার পথে সিনিয়রদের সাথে দেখা হলে সবসময় সালাম বিনিময় করতো। সোশ্যালমিডিয়ায় তার একটা ব্যক্তিগত মতামতের জন্য এভাবে রাজনৈতিক ছত্রছায়ার অনুসারীরা এসে তাকে প্রহার করে পিটিয়ে মেরে ফেলবে যেটা বুয়েটের মতো শিক্ষাপ্রতিষ্ঠানে কোনোভাবেই কাম্য না। যে ছাত্ররাজনীতির কারণে আমার সহপাঠী বন্ধুর মৃত্যু ডেকে এনেছে,আমি অবিলম্বে এই নোংরা ছাত্ররাজনীতি বন্ধ করার জোর দাবি জানাচ্ছি। পাশাপাশি খুনিদের যতদিন না পর্যন্ত শাস্তি এবং বুয়েট থেকে স্থায়ী বহিষ্কার করা হচ্ছে না ততদিন পর্যন্ত আন্দোলন বেগবান থাকবে বলে জানান।
মানববন্ধনে ব্যক্তব্যরত অন্যান্য শিক্ষার্থীরাও দলমতকে উর্ধ্বে রেখে অবিলম্বে ফাহাদ হত্যাকান্ডের বিচার এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে যথাযোগ্য শাস্তির দাবি জানান। এছাড়া আগামীতে এধরনের ঘটনা বন্ধে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানায়।
জানা যায়,গত ৬ অক্টোবর রবিবার গভীররাতে বুয়েটের শেরে বাংলা হলে তড়িৎ ও ইলেক্ট্রনিক কৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করা হয়। ওই ঘটনায় বুয়েট ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাসেলসহ ১০জনকে এ পর্যন্ত গ্রেপ্তার করেছে পুলিশ।
তাং: ৯/১০/২০১৯
