আন্দোলনে উত্তাল চুয়েট: বন্ধ রয়েছে ক্লাশ-পরীক্ষা

x1

ইনজামাম উল হকঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) এর স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মোঃ মোহাইমিনুল ইসলাম সিয়াম সড়ক দুর্ঘটনায় নিহত হবার প্রেক্ষিতে নিরাপদ সড়ক সহ ৮ দফা দাবিতে গত বুধবার থেকে আন্দোলনে নামে চুয়েট শিক্ষার্থীরা। কিন্তু সেসময় প্রশাসনের দেয়া নানা আশ্বাস এখনো বাস্তবায়িত না হওয়ায় ক্ষোভে ফুঁসে উঠেছে শিক্ষার্থীরা। বৃহস্পতিবারের ধারাবাহিকতায় আজ রবিবারও আন্দোলনে উত্তাল পুরো চুয়েট। আজ সকাল থেকেই চুয়েট শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে জড়ো হয়ে অবস্থান কর্মসূচী পালন শুরু করে এবং সব ধরণের ক্লাস-পরীক্ষা বর্জন করে । শিক্ষার্থীদের বাধার মুখে  কোন শিক্ষকও ক্লাশে ঢুকতে পারেননি। এতে কার্যত অচল হয়ে পড়ে চুয়েটের সব ধরণের একাডেমিক কার্যক্রম । প্রশাসনিক কাজেও নেমে আসে স্থবিরতা । সর্বশেষ চুয়েট শিক্ষার্থীরা গোলচত্বর সংলগ্ন কয়েকটি স্থানে পেট্রোল-টায়ার নিয়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ অব্যাহত রেখেছে । জানতে চাইলে আন্দোলনের সমন্বয়কারী শিক্ষার্থীদের একজন অটল ভৌমিক চুয়েটনিউজ২৪কে বলেন , ‘আন্দোলনের প্রথম দিন প্রশাসন নানা আশ্বাস দিলেও তার একটিও বাস্তবায়ন করে নি। এই ৮ দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

এদিকে সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শারিরীকভাবে অটল ভৌমিককে লাঞ্ছিত করার প্রতিবাদে শিক্ষার্থীরা ছাত্র কল্যাণ পরিচালক ড. আশুতোষ সাহার পদত্যাগ দাবিগুলোর মধ্যে যোগ করেছে এবং তাঁর কুশপুত্তলিকা দাহ করেছে। এছাড়াও তারা চুয়েটের প্রশাসনিক ও ছাত্র কল্যাণ ভবন ঘেরাও করে তালা ঝুলিয়ে দিয়েছে।