আজ থেকে চুয়েটে স্নাতক প্রথম বর্ষে ভর্তি শুরু

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) আজ রবিবার থেকে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে স্নাতক পর্যায়ে ভর্তি শুরু হচ্ছে ।  গত আট নভেম্বর অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রাপ্ত মেধা তালিকা অনুযায়ী ভর্তি কার্যক্রম সম্পন্ন হবে। প্রকৌশল বিভাগ সমূহ এবং স্থাপত্য বিভাগে মেধাতালিকায় স্থান পাওয়া সকল শিক্ষার্থীদের ১৪, ১৫ এবং ১৮ ডিসেম্বর এ তিনদিন ভর্তি করা হবে।  ভর্তি কার্যক্রম চলবে প্রতিদিন সকাল নয়টা থেকে বিকাল চারটা পর্যন্ত। উপজাতীয় ও রাখাইন সম্প্রদায়ের জন্য সংরক্ষিত আসনে নির্বাচিত শিক্ষার্থীরাও এ তিনদিন ভর্তি হতে পারবে।
অপেক্ষমান তালিকা : মেধা তালিকা থেকে ভর্তি শেষে আসন খালি থাকা সাপেক্ষে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে ১৮ ডিসেম্বর বিকাল পাঁচটায়। ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য চুয়েটের ওয়েবসাইট (www.cuet.ac.bd) থেকে পাওয়া যাবে। এ ছাড়া ভর্তিচ্ছুকরা তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে ০১৫৫৫৫৫৫০১১-২ নম্বরে যোগাযোগ করতে পারবেন ।
তারিখ: ১৩/১২/১৪