২ চুয়েট শিক্ষার্থীর উদ্যোগে রোবটিক্সে হাতেখড়ি

সাইকা শুহাদা:
চট্টগ্রামে শুরু হয়েছে বাংলাদেশ ন্যাশনাল অ্যাপ স্টোর (বিডি অ্যাপস) এর আয়োজনে রোবটিক্স বিষয়ক কর্মশালা “রোবটিক্স এ হাতেখড়ি”। আজ (বুধবার) চট্টগ্রামের রাউজান উপজেলায় অবস্থিত চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ে একটি কর্মশালা আয়োজনের মাধ্যমে আয়োজনের সূচনা হয়। পর্যায়ক্রমে জেলার অন্যান্য বিদ্যালয়ে উক্ত কর্মশালার আয়োজন করা হবে।

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেকাট্রনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং (এমআইই) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আসিফ আলম এবং তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের একই বর্ষের শিক্ষার্থী ইশরাত জাহান উক্ত কর্মশালা আয়োজনের উদ্যোগ নিয়েছিলেন।

দিনব্যাপী অনুষ্ঠিত হওয়া আজকের কর্মশালাতে প্রায় ৩০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এতে শিক্ষার্থীরা সার্কিট কানেকশন, রোবো বট, আর্ডুইনোর বেসিক সহ যাবতীয় রোবটিক্স উপকরণ সম্বন্ধে সার্বিক ধারণা পায়৷ এছাড়াও একটি রোবো অলিম্পিয়াডের আয়োজন করা হয়। এতে মোট ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়৷

পাশাপাশি, ৫টি স্টলে রোবটিক্স বিষয়ক সর্বমোট ১০টি প্রোজেক্ট প্রদর্শন করা হয় শিক্ষার্থীদের সামনে। প্রোজেক্ট প্রদর্শনের পর শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির জন্য তাদেরকে দিয়ে হাতে কলমে প্রতিটি প্রজেক্টের সার্কিট কানেকশন দেওয়ানো হয়৷ এছাড়াও বিডি অ্যাপস এর লাইট অ্যাপ তৈরি বিষয়ক একটি সেমিনার আয়োজন করা হয়৷

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের এমআইই বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডি অ্যাপস এর উপ-ব্যবস্থাপক মোহাম্মদ আরিফ হাসান, এমআইই বিভাগের প্রভাষক কাজী নাইমুর রহমান এবং মিরাইজ হোসাইন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. জসিম উদ্দিন৷ বক্তারা চুয়েট শিক্ষার্থীদের এই উদ্যোগকে স্বাগত জানান৷

উল্লেখ্য, , চুয়েটের তিনটি বিভাগের মোট ১৭ জন শিক্ষার্থী কর্মশালাটি পরিচালনা করেন৷ কর্মশালাটির সার্বিক সহযোগিতায় ছিলো ইকো ট্রান্সফরমার এবং বানানা প্যাড। আর, মিডিয়া পার্টনার হিসেবে ছিলো চুয়েট নিউজ ২৪।

তারিখ: ১৮ই অক্টোবর, ২০২৩ ইং