২২ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি দিচ্ছে চুয়েটের প্রাক্তন শিক্ষার্থীরা

জিয়াউর রহমানঃ
প্রতিবছরের ন্যায় এবারও চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) মেধাবী শিক্ষার্থীদেরকে বৃত্তি প্রদান করবে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন “চুয়েট প্রাক্তন ছাত্র সমিতি”। আগামী ১৫ই অক্টোবর (রবিবার) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে শিক্ষার্থীদের মাঝে আনুষ্ঠানিকভাবে এ বৃত্তি প্রদান করা হবে ।

উক্ত বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংগঠনটির সাবেক সভাপতি প্রকৌশলী মো. কবির আহমেদ ভূঁইয়া এবং বি এন্ড টি গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোখলেছুর রহমান ।

উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণের রেজিষ্ট্রেশন সাপেক্ষে সকলের জন্য উন্মুক্ত করা হয়েছে। অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীদেরকে আগামী ১৩ অক্টোবর (শুক্রবার) বিকাল ৫টার মধ্যে অনলাইনে রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। অনলাইন রেজিষ্ট্রেশন লিংকঃ https://forms.gle/6WAhNEHmxgb6uLQK6

বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বিভিন্ন শিক্ষাবর্ষের যেসকল শিক্ষার্থীদের মেধা স্থান তুলনামুলক ভাবে এগিয়ে এবং বিভাগগুলোর প্রথমসারির, শুধুমাত্র সেসকল শিক্ষার্থীই এ বৃত্তির আওতায় আসবে বলে জানিয়ছেন বৃত্তি প্রদান কারী কমিটি। এছাড়াও নবাগত ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা এখনও কোনো টার্ম পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ না পাওয়ায় এ তালিকায় তারা থাকবেন না। এছাড়াও শিক্ষার্থীদের ফলাফলের তালিকা স্ব-স্ব বিভাগ প্রদান করবেন বলেও জানিয়েছেন তারা।

বৃত্তি প্রদানের বিষয়ে সংগঠনটির সভাপতি খান আতাউর রহমান সান্টু বলেন, গড়ে প্রতিবছর ৬০ জন শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করছি আমরা। তারই ধারাবাহিকতায় এবছরও ৫২ জন মেধাবী শিক্ষার্থীকে মোট ২২ লক্ষ টাকা শিক্ষাবৃত্তি প্রদান করবো আমরা। ভবিষ্যতে বৃত্তির অর্থের পরিমাণ আরো বাড়িয়ে ৩০ লক্ষ টাকায় উন্নীত করার প্রচেষ্টা চলছে।

উল্লেখ্য, ২০০৮ সাল থেকে চুয়েট প্রাক্তন ছাত্র সমিতি বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের মেধাবী এবং সর্বোচ্চ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের মধ্যে এককালীন আর্থিক অনুদান, সনদ এবং পদক প্রদান করে আসছে।