তানবির আহমেদ চৌধুরীঃ
স্টুডেন্ট স্টার্টআপ ক্যাটাগরিতে রাইজিং ইয়্যুথ অ্যাওয়ার্ড অর্জন করেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগের ৩য় বর্ষের শিক্ষার্থী ওয়াসিফ সাদমান তানিম। গত ২৯ জুলাই (শনিবার) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ইয়্যুথ ক্যারিয়ার ইন্সটিটিউট এবং ইয়্যুথ গ্লোবাল ফাউন্ডেশন কর্তৃক আয়োজন করা হয় জাতীয় ইয়্যুথ ক্যারিয়ার কার্নিভাল-২০২৩।

অনুষ্ঠানে স্টুডেন্ট স্টার্টআপ ক্যাটাগরিতে প্রথম স্থান অধিকার করেন তানিম। টিউশনির জমানো টাকায় নিজ উদ্যোগে দাঁড় করান টি-শার্টের ফ্যাশন ব্র্যান্ড আর্টটায়ার এবং একটি পোশাক কারখানা। মূলত ভিন্নধর্মী ভাবনা ও ব্যবসায়িক উপাস্থাপনার জন্যই সেরার স্থান দখল করেন তিনি। এরপর অ্যাওয়ার্ড প্রদান করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রনালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
অনুষ্ঠানে সারাদেশের পাঁচশতাধিক তরুণ উদ্যোক্তা ও সংগঠকের মধ্য থেকে বিভিন্ন পর্যায়ে যাচাই-বাছাইয়ের মাধ্যমে সেরা ৫০ জন তরুণ উদ্যোক্তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। অ্যাওয়ার্ড প্রাপ্তি প্রসঙ্গে তানিম বলেন, আমি অত্যন্ত গর্বিত ও আনন্দিত অ্যাওয়ার্ডটি পেয়ে। এই অ্যাওয়ার্ড আমার জন্য এক মধুময় স্মৃতি হয়ে থাকবে যা আমার প্রয়াসের প্রতীক। এটি আমার ব্যবসাকে এগিয়ে নিয়ে যেতে অনেক অনুপ্রেরণা যোগাবে। আমার স্টার্টআপ আর্টটায়ারকে একটি বিশ্বমানের ফ্যাশন ব্র্যান্ডে পরিণত করতে চাই। আমি আমার পরিবার, শিক্ষক, বন্ধু-বান্ধব এবং শুভাকাঙ্ক্ষীদের কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই যারা আমার পাশে ছিলেন ।