জিওন আহমেদঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর বাসে মাদক গ্রহণের অপরাধে ৪ শিক্ষার্থীকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় বহিষ্কার করা হয়েছে । এই এক বছরে তারা বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম থেকে বহিষ্কৃত থাকবে৷ সেই সাথে তারা হলে অবস্থান করতে এবং হল এলাকায় প্রবেশ করতে পারবেনা । গত ১৩ই ডিসেম্বর, ২০২২ মঙ্গলবার চুয়েট ক্যাম্পাসে রাত্রিকালীন ফেরার বাসে হুইস্কি গ্রহণরত অবস্থায় হাতেনাতে ধরা হয় তাদের ।
সেই ৪ শিক্ষার্থী হলেন- ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ আমানত উল্লাহ । তারা প্রত্যেকেই চুয়েট যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ।
চুয়েট বাসে মাদক গ্রহণ নিয়ে দীর্ঘদিন যাবত অভিযোগ করে আসছে চুয়েট শিক্ষার্থীরা । এরই প্রেক্ষিতে গত কয়েকদিন ধরেই চুয়েট বাসে মাদক অভিযান চালিয়ে আসছেন চুয়েট প্রশাসন । গত ১৩ই ডিসেম্বর ক্যাম্পাসে রাত্রিকালীন ফেরার বাসে চট্টগ্রাম পুরাতন রেলওয়ে স্টেশনে অভিযান চালান চুয়েট ছাত্রকল্যাণ দপ্তর এবং বিভিন্ন হলের প্রভোস্টদের নিয়ে একটি শিক্ষক-দল । এসময় উল্লেখিত ৪জনকে বাসে মাদক (হুইস্কি) গ্রহণরত অবস্থায় হাতেনাতে ধরে ফেলেন তারা ।
পরে গত ১৪ই ডিসেম্বর জরুরী ডিসিপ্লিন কমিটির সভা ডেকে তাদেরকে শোকজ করা হয় । শোকজের জবাবের প্রেক্ষিতে গত ১২ জানুয়ারি, ২০২৩ ডিসিপ্লিন কমিটির ২৫৩ তম সভায় মাদকদ্রব্য প্রতিরোধ নীতিমালা, চুয়েট-২০১৬ মোতাবেক ইমরান হাসান মুরাদ, প্রত্যয় দেব, আকিব জাবেদ আসিফ এবং আমানত উল্লাহকে এক বছরের জন্য বিশ্ববিদ্যালয় বহিষ্কার করা হয় ।
মাদকের বিরুদ্ধে এমন পদক্ষেপে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের উপ-পরিচালক অধ্যাপক ডঃ মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, “মাদকের বিরুদ্ধে চুয়েট প্রশাসন সর্বদাই জিরো টলারেন্স । আমাদের এই মাদক বিরোধী অভিযান সর্বদাই চলমান থাকবে ।”