মোহাম্মদ ইয়াসির আফনানঃ
দ্বিতীয় বারের মত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) আয়োজিত হতে যাচ্ছে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রযুক্তি ভিত্তিক প্রতিযোগিতা “টেকস্পার্ক ২.০”। আন্তর্জাতিক পেশাজীবী সংস্থা ইনস্টিটিউট ওফ ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার্স (আইইইই) এর চুয়েট শিক্ষার্থী শাখার উইমেন ইন ইঞ্জিনিয়ারিং (ডব্লিউ আই ই) এফিনিটি গ্রুপ উক্ত প্রতিযোগিতার আয়োজন করছে।
শিক্ষার্থীদের প্রযুক্তিগত জ্ঞানের পারদর্শিতা পরখ ও বর্তমানে ক্রমবর্ধমান প্রযুক্তির উন্নয়নের যুগে তাদের দক্ষ ও গবেষণামূলক কাজে আগ্রহী করে তোলাই এই প্রতিযোগিতার মূল প্রতিপাদ্য। প্রতিযোগিতাটিকে পোস্টার প্রেজেন্টেশন, টেকনিক্যাল আর্টিকেল রাইটিং এবং প্রজেক্ট শোকেসিং এ ৩টি ভাগে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশের যেকোনো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিযোগিতার যেকোনো অংশে অংশগ্রহণ করতে পারবে।
পোস্টার প্রেজেন্টেশনে প্রযুক্তিনির্ভর যেকোনো বিষয়ের উপর পোস্টার তৈরি করতে হবে। এটি একটি দলগত প্রতিযোগিতা, যেখানে সর্বোচ্চ তিনজন নিয়ে দল গঠন করা যাবে। প্রতিযোগিতাটি দুই ধাপে অনুষ্ঠিত হবে।
আর, টেকনিক্যাল আর্টিকেল রাইটিং এ এককভাবে প্রতিযোগীদের অংশগ্রহণ করতে হবে। এটি একটি মাত্র ধাপেই পরিচালিত হবে। প্রযুক্তি সংশ্লিষ্ট যেকোন বিষয় যেমন – ইলেক্ট্রনিকস, ইন্টারনেট অফ থিংস, ক্লাউড কম্পিউটিং ইত্যাদি বিষয়ে আর্টিকেলটি লেখা যাবে। আর্টিকেলের ভাষা হবে ইংরেজি এবং শব্দসীমা হবে ৫০০ থেকে ৭০০।
প্রতিযোগিতার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো প্রজেক্ট শোকেসিং। এতে একটি অভিনব প্রযুক্তিনির্ভর প্রজেক্ট উপস্থাপন করতে হবে। এক্ষেত্রেও সর্বোচ্চ তিনজন নিয়ে দল গঠন করা যাবে। এ প্রতিযোগিতাটি পরিচালিত হবে তিনটি পর্বে। প্রথম পর্বে নিজের প্রজেক্ট সম্পর্কিত ১৫০ থেকে ২০০ শব্দসীমার একটি সারাংশ জমা দিতে হবে৷ প্রথম পর্বে নির্বাচিত হলে বিজয়ীরা চলে যাবে সরাসরি সেমিফাইনালে। সেমিফাইনালে তৈরিকৃত প্রজেক্টের একটি ভিডিও ধারণ করে, কিংবা সফটওয়্যার এ সিমুলেশন করে জমা দিতে হবে। এ ধাপ পেরোলেই চূড়ান্ত পর্যায়ে মঞ্চে বিচারকদের সামনে প্রজেক্টটি উপস্থাপন করতে হবে।
প্রতিযোগিতার সার্বিক বিষয়ে আইইইই চুয়েট শিক্ষার্থী শাখার ডব্লিউ আই ই এফিনিটি’র চেয়ার তাসনিয়া রহমান প্রমি চুয়েটনিউজ২৪ কে জানান, এ প্রতিযোগিতা শিক্ষার্থীদেরকে তাদের জ্ঞান ও দক্ষতা প্রয়োগের সুযোগ করে দিয়ে গবেষণামূলক কাজে আগ্রহী করে তোলবে। এ উদ্যোগের মাধ্যমে ভবিষ্যতে প্রযুক্তি বিকাশে নতুন ধারণা ও সমাধানের উদ্ভাবন সম্ভব হবে বলে আমরা আশাবাদী।
প্রতিযোগিতায় আগ্রহী শিক্ষার্থীদের আগামী ২৫ অক্টোবরের মধ্যে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আর, প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণী পর্বের সম্ভাব্য তারিখ ১৭ নভেম্বর। এবারের আয়োজনে পুরো সময় জুড়ে মিডিয়া পার্টনার হিসেবে থাকবে চুয়েটনিউজ২৪ ডট কম।