জিআইএস কেস প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন চুয়েটের ‘টিম জিওস্কেপ’

জারীন তাসমীন সাবা:

সামরিক বিজ্ঞান ও প্রযুক্তি ইনস্টিটিউটে (মিস্ট) অনুষ্ঠিত হলো “মিস্ট এনভায়রনমেন্ট ফেস্ট ২০২৫”, যেখানে পরিবেশ ও প্রযুক্তিনির্ভর বিভিন্ন বিষয়ে আয়োজন করা হয় নানা প্রতিযোগিতা ও প্রদর্শনী। ২৮ জুন, ২০২৫ ( শনিবার ) তারিখে ঢাকায় অবস্থিত মিস্ট-এর ক্যাম্পাসে দিনব্যাপী এই উৎসবে অংশ নেয় দেশের শীর্ষস্থানীয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এর অন্যতম আকর্ষণ ছিল
জিআইএস কেস প্রতিযোগিতা।

এই প্রতিযোগিতায় অংশ নেয়া ১২ টি দলের মধ্যে চ্যাম্পিয়ন হয় চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের দল ‘টিম জিওস্কেপ’। বিজয়ী দলের সদস্যরা হলেন: কৌশিক কাব্য, সাখাওয়াত হোসেন এবং মুশফিকুর রবিন। রানার’স আপ হয় মিস্ট এর একটি দল।

চ্যাম্পিয়ন দলের সদস্য নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কৌশিক কাব্য বলেন, আমি এই প্রথমবার জিআইএস কেস সম্পর্কিত কোনো প্রতিযোগিতায় অংশ নিয়েছি। প্রথমবারেই চ্যাম্পিয়ন হতে পারাটা সত্যিই আনন্দের। বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিইউপি , মিস্টসহ অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে ভালো ভালো প্রতিযোগী ছিল, তাদের উপস্থাপনাও প্রশংসনীয় ছিল। আতিথেয়তার দিক থেকেও আয়োজনটি ছিল অত্যন্ত চমৎকার।