চুয়েটনিউজ২৪ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের চতুর্থ অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হয়েছে । গত বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের রেজিষ্ট্রার(অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ফারুক-উজ-জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তালিকা প্রকাশ করা হয় ।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অপেক্ষমাণ তালিকা থেকে আগামী ২১ ডিসেম্বর ভর্তি কার্যক্রম শুরু হবে । ওই দিন বেলা ২.৩০টা পর্যন্ত দুটি (ক ও খ গ্রুপ) তালিকা থেকে ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহে(ক গ্রুপ) মেধাক্রম ১৬১৬-১৬৮৭ পর্যন্ত এবং স্থাপত্য বিভাগে(খ গ্রুপে) মেধাক্রম ৮১-৮৪ পর্যন্ত ভর্তি করানো হবে। উক্ত তালিকাদ্বয়ের কোন শিক্ষার্থী যদি অনুপস্থিত থাকে কিংবা ইতিপূর্বে কেউ ভর্তি বাতিল করে তাহলে আসন খালি থাকা সাপেক্ষে দুপুর ২.৩০ থেকে বিকাল ৫ টা পর্যন্ত দ্বিতীয় পর্বে অতিরিক্ত দুটি (গ ও ঘ) তালিকা থেকে শিক্ষার্থীদের ভর্তি করানো হবে। দ্বিতীয় পর্বের তালিকায় ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহে(গ গ্রুপে) মেধাক্রম ১৬৮৮-১৮৪০ পর্যন্ত এবং স্থাপত্য বিভাগে (ঘ গ্রুপ) মেধাক্রম ৮৫-৯০ পর্যন্ত রাখা হয়েছে।
উক্ত তালিকাদ্বয়ের (গ ও ঘ) ভর্তির জন্যে শিক্ষার্থীদের ওই দিন ১.৩০ এর দিকে বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারীতে নিরীক্ষা কমিটির নিকট সশরীরে উপস্থিত হয়ে লিখিতভাবে রিপোর্ট করতে হবে। রিপোর্ট ব্যতীত কোন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবে না । আসন খালি থাকা সাপেক্ষে ঐ দিন সন্ধ্যায় পঞ্চম অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায় , ১৪ ডিসেম্বর ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহের ২০ জন শিক্ষার্থী এবং স্থাপত্য বিভাগের ১ জন শিক্ষার্থী ভর্তি বাতিল করেছে । ফলে এখন পর্যন্ত মেধাতালিকা এবং প্রথম ও দ্বিতীয় অপেক্ষমাণ তালিকায় ভর্তিকৃত মোট শিক্ষার্থীর সংখ্যা ‘ক গ্রুপে ৫৯৮ জন এবং ‘খ’ গ্রুপে ২৬ জন ।
উল্লেখ্য যে, চুয়েটে স্নাতক পর্যায়ে মোট আসন সংখ্যা ৭০০ টি । এর মধ্যে প্রকৌশল বিভাগসমূহের জন্য ৬৭০ টি এবং স্থাপত্য বিভাগের জন্য ৩০টি আসন বরাদ্দ রয়েছে । এ ছাড়াও ১১টি আসন উপজাতীয় এবং রাখাইন সম্প্রদায়ের জন্য সংরক্ষিত রয়েছে ।
ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের নোটিশ-বোর্ড ও ওয়েব সাইট (www.cuet.ac.bd) থেকে জানা যাবে ।
তারিখ: ০৯/১২/২০১৭ ইং
