চুয়েটে কর্মচারী ভবনে অগ্নিদগ্ধ কর্মচারীর স্ত্রী নিহত

চুয়েটনিউজ২৪ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কর্মচারীদের আবাসিক ভবনে সংগঠিত অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে আইরিন আক্তার (২৫) মারা গেছেন। নিহত আইরিন বিশ্ববিদ্যালয়ের যমুনা বাসের চালক মোঃ ইব্রাহিমের স্ত্রী।

মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে নেওয়ার পথে ফেনী অতিক্রম করা কালে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

চুয়েট পরিবহন শাখার সহকারী টেকনিক্যাল অফিসার মোঃ মুর্শেদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান , আজ মঙ্গলবার সকাল ১১টার টার দিকে কর্মচারী ভবনে রান্না করার সময় অসাবধানতা বশত গ্যাসের চুলার আগুন কাপড়ে লেগে যায়। এতে আইরিনের মুখমণ্ডলসহ শরীরের অধিকাংশ দগ্ধ হয়। পরে তাকে উদ্ধার করে চুয়েট মেডিক্যাল সেন্টারে নেওয়া হলে সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। চমেকের দায়িত্বরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে নিয়ে যাওয়ার পরামর্শ দেন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলে যাত্রাপথে তিনি মৃত্যুবরণ করেন।

চুয়েট মেডিক্যালে দায়িত্বরত চিকিৎসক জানান, সকাল নয়টার আইরিন আক্তার নামে এক কর্মচারীর স্ত্রীকে নিয়ে আসা হয়। তার শরীরের ৬০ শতাংশ পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করি।

জানা যায়,মোহাম্মদ ইব্রাহিম ও আইরিন আক্তারের সংসার জীবনে ৬ বছর বয়সী এক কন্যা সন্তান রয়েছে।নিহত আইরিনের লাশ চাঁদপুরের ভোলাখাল থানায় মো. ইব্রাহিমের গ্রামের বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। বুধবার জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।