চুয়েটনিউজ২৪ডেস্কঃ
“সঞ্চিত বারুদ বুকে নিয়ে হয়ে ওঠো নিরাপদ দেশলাই” -এই উপপাদ্যকে সামনে রেখে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) বিতার্কিকদের সংগঠন চুয়েট ডিবেটিং সোসাইটির (চুয়েট ডিএস) আয়োজনে শেষ হলো ১৪ তম আন্তঃ বিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠান।
গত ৩১শে অক্টোবর হতে ৩ নভেম্বর পর্যন্ত ৪ দিন ব্যাপী হয়ে যাওয়া এই অনুষ্ঠানের সমাপনী পর্ব অনুষ্ঠিত হয় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বরের মুক্তমঞ্চে।
বাংলা বিতর্কের ফাইনালে অংশ নেয় ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা। বিতর্কের বিষয় ছিল ‘এই সংসদ ক্রিকেট খেলোয়াড়দের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্টে অংশ নেয়া থেকে বিরত রাখবে’।
বাংলা বিতর্কে চ্যাম্পিয়ন হয় সরকারী দল ইলেক্ট্রনিক অ্যান্ড টেলিকমিউনিকেশন বিভাগ এবং রানারআপ হয় বিরোধী দল পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং বিভাগ ।
ফাইনাল পর্বে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন ইলেক্ট্রনিক ও টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের আতকিয়া নামি। ইংরেজি বিপি বিতর্কে চ্যাম্পিয়ন দুটি দলই কম্পিউটার সায়েন্স বিভাগের। এই অংশে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন তাহিল আবরার।
ডিবেটার অফ দা টুর্নামেন্ট নির্বাচিত হন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শাজিদ উল আলম। বাংলা বারোয়ারি বিতর্কে চ্যাম্পিয়ন হন সায়েদা তাহমিনা এবং ইংরেজি উপস্থিত বক্তৃতায় চ্যাম্পিয়ন হন তাজরীন তাবাসসুম। শ্রেষ্ঠ মেন্টর নির্বাচিত হন পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের সুপ্রভ চন্দ্র সরকার।
১৪ তম আন্তঃবিভাগীয় বিতর্ক প্রতিযোগিতার আহবায়ক আসিফ মোজতবা ইফতি সভাপতিত্বে পুরষ্কার বিতরণী পর্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. মশিউল হক। এছাড়া উপস্থিত ছিলেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহকারি অধ্যাপক মুহাম্মদ রাশিদুল হাসান ও এ.টি.এম শাহজাহান রতন এবং মানবিক বিভাগের সহকারী অধ্যাপক নাজমুল ইসলাম অপু।
আলোচনা পর্ব শেষে অনুষ্ঠিত হয় মনোমুগ্ধকর সাংস্কৃতিক সন্ধ্যা। চুয়েটডিএস এর সদস্যদের পরিবেশনায় নাচ, গান, নাটক, প্ল্যানচেট সংলাপ এবং কনসার্ট উপভোগ করেন দর্শকরা।
অনুষ্ঠান প্রসঙ্গে চুয়েটডিএস এর সভাপতি তানভীর আহমেদ লরেল বলেন, চুয়েটডিএস সারাবছরই বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে ক্যাম্পাসে যুক্তিভিত্তিক চিন্তাধারা ও মননশীলতার প্রচার ও প্রসার ঘটাতে সর্বাত্মক চেষ্টা করে। সামনের দিনগুলোতে আমাদের আয়োজনের পরিসর আরও বৃদ্ধি পাবে।
উল্লেখ্যঃ ১০টি বিভাগের ৩২টি দল নিয়ে ট্যাব ফরম্যাটে সংসদীয় পদ্ধতিতে অনুষ্ঠিত হয় এই বিতর্ক প্রতিযোগিতা। বাংলা বিতর্ক এবং ইংরেজি ব্রিটিশ পার্লামেন্টারি পদ্ধতিতে দুইটি ভাগে এই বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া বারোয়ারি বিতর্ক এবং ইংরেজি উপস্থিত বক্তৃতার আয়োজনও করা হয়।
তারিখঃ ০৮.১১.২০১৯
