চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সুফিয়া কামাল হলে গতকাল রাতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে । গত ৪ অক্টোবর রাত ১০টা ৫০ মিনিটের দিকে হলটির চারতলার সিড়িতে আগুনের সূত্রপাত হয়।
আগুন লাগার খবরে বিশ্ববিদ্যালয়ের আনসার ক্যাম্প,সাবস্টেশন এবং আশেপাশের স্থান থেকে লোকজন এসে আগুন নেভানোর কাজ শুরু করেন। পরে কয়েকজন শিক্ষার্থীও এতে যোগ দেন। রাত ১১টা ১০মিনিটের দিকে তারা আগুন ছড়িয়ে পড়ার আগেই নিভিয়ে ফেলতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডের সময় হলে অবস্থান করছিলেন বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী মেহের নিগার। এ ব্যাপারে তিনি চুয়েটনিউজ২৪ কে বলেন, আগুন লাগার খবর পেয়ে আমরা আতঙ্কিত হয়ে পড়ি এবং বৃষ্টির মধ্যে হল থেকে বেরিয়ে আসি। পরে আগুন নিভে গেলে আমরা হলে ফিরে যাই।
আগুন লাগার কিছুক্ষণের মধ্যে ছাত্রী হলটিতে এসে পৌছান বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক, উপ-ছাত্রকল্যাণ পরিচালক, হলটির প্রভোস্ট, বঙ্গবন্ধু হলের প্রভোস্ট সহ অন্যান্য শিক্ষকরা। তারা আগুন লাগার স্থান সরেজমিনে পরিদর্শন করেন।
এই ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপ-ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. জি. এম. সাদিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডটি শর্ট সার্কিট থেকে হয়নি বলে ধারণা করছি। সিড়িতে রাখা বিভিন্ন পরিত্যক্ত বইপত্র, কাপড়-চোপড় ও প্লাস্টিকজাতীয় পদার্থ থেকে গরমের কারণে কোনভাবে হয়ত আগুনের সূত্রপাত হয়। তদন্তের আগে আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানানো সম্ভব না।
তবে এই অগ্নিকাণ্ডে ছাত্রী হলটির শিক্ষার্থীদের কোন ধরণের ক্ষয়ক্ষতি হয় নি বলে তিনি নিশ্চিত করেন।
তারিখঃ ০৫/১০/১৭ ইং
