নাজমুল হাসানঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) সংগঠন সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস এলায়েন্সের নেতৃত্বে এসেছে নতুন মুখ। গত ৯ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা শেষে সংগঠনটির ২০২২-২৩ মেয়াদের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন যন্ত্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী অর্ণব দাস অনিক এবং সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন একই বর্ষের তড়িৎ কৌশল বিভাগের মোঃ মেহেদী হাসান রিদয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি (প্রশাসন) এস এম আতাউল্লাহ, সহ-সভাপতি ফয়সাল আনোয়ার, যুগ্ম-সাধারণ সম্পাদক জয়নুল আবেদীন ও মোঃ নাঈমুল আনোয়ার মজুমদার, সাংগঠনিক সম্পাদক আদিত্য চৌধুরী জয়, অর্থ সম্পাদক আদিত্য বড়ুয়া প্রমূখ।
পাশাপাশি, একটি চার সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও একটি তিন সদস্য বিশিষ্ট মডারেটর কমিটিও ঘোষণা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম এবং মেকাট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রধান অধ্যাপক ড. জামাল উদ্দীন আহমেদ। আরো উপস্থিত ছিলেন সংগঠনের সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি অংকুর দাস অভি, সাধারণ সম্পাদক মো. শাকিল ইকবাল সহ অন্যান্য সদস্যবৃন্দ।
এর আগে সংগঠনটির উদ্যোগে আয়োজিত জাতীয় পর্যায়ের সাপ্লাই চেইন বিষয়ক সমস্যা সমাধান প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ৩১টি বিশ্ববিদ্যালয়ের মোট ১০৪টি দল অংশগ্রহণ করে। এতে বিচারক সারিতে উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন নামকরা প্রতিষ্ঠানে কর্মরত সাপ্লাই চেইন বিষয়ে অভিজ্ঞ ব্যক্তিবর্গ।
নতুন দায়িত্ব প্রাপ্তি নিয়ে চুয়েটনিউজ২৪.কম কে অর্ণব দাস অনিক বলেন, ‘সভাপতি’ শব্দটি একটি ক্লাব বা সংস্থায় পুরো দলের অংশগ্রহণ ছাড়া একটি নিছক শব্দ ব্যতীত আর কিছুই নয়। আমি আমার দলের সাথে, আমার ক্লাবের সাথে কাজ করতে পেরে সম্মানিত বোধ করছি। যা আমি লালন করি। আমি আত্মবিশ্বাসী যে সংগঠনটি আরও উন্নতি করবে এবং বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ের জন্য একটি রোল মডেল হয়ে উঠবে।
প্রসঙ্গত, ‘সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস এলায়েন্স, চুয়েট’ করোনাকালীন সময়ে প্রতিষ্ঠিত হয়। সংগঠনটি মূলত সাপ্লাই চেইন, ব্যবসায়িক বিষয়াবলি এবং শিল্পোদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের শিক্ষা ও গবেষণায় উদ্ভুদ্ধ করে।