চুয়েট মেইলের স্পেস লিমিটেশন করা হয়েছে

নাজমুল হাসানঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)- এর মেইল এবং গুগল ড্রাইভের স্পেস লিমিটেশনের কারনে মেইল এবং ড্রাইভের ব্যবহার ২৫ জিবির মধ্যে সীমিত রাখতে নির্দেশ দিয়েছেন চুয়েট কতৃপক্ষ৷ সেই সাথে আগামী ৩০ মে এর মধ্যে ২৫ জিবির বেশি স্পেস ব্যবহার থাকলে সকল ডাটা ডিলিট হয়ে যাবে বলেও জানিয়েছেন৷

বিষয়টি আজ সকাল ৯টা ৫০ মিনিটে এক মেইল বার্তার মাধ্যমে জানিয়েছেন চুয়েট ইন্সটিটিউট অফ ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনলোজির (আইআইসিটির) সিস্টেম অ্যানালাইস্ট মোহাম্মদ তৌহিদুর রহমান৷

হঠাৎ এমন সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে মোহাম্মদ তৌহিদুর রহমান চুয়েট নিউজ২৪ কে জানান, গুগল থেকে চুয়েটকে ১১৯ টেরাবাইট স্পেস দেওয়া হয়েছিল। কিন্তু শিক্ষার্থীদের অতিরিক্ত ড্রাইভ ব্যবহারের কারনে সেই স্পেস প্রায় শেষ হয়েছে যাচ্ছে বলেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ ১১৯ টেরাবাইটের বেশি স্পেস ব্যবহার করতে হলে গুগল থেকে আরও স্পেস কিনতে হবে বলেও জানান তিনি৷

শিক্ষার্থীদের জন্য আরও স্পেস কেনা হবে কিনা সে ব্যাপারে জানতে চাইলে আইআইসিটির পরিচালক ড. আসাদুজ্জামান জানান, অতিরিক্ত স্পেস কেনা না কেনা প্রসঙ্গে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি৷