চুয়েট গেইট সংলগ্ন চালু হচ্ছে শাহ আমানত বাস কাউন্টার

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ

আগামী ১লা জানুয়ারি, ২০২৪ রোজ সোমবার হতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) প্রধান ফটকের বিপরীত পাশে চালু হচ্ছে শাহ আমানত বাস কাউন্টার সার্ভিস।

চট্টগ্রাম নগরীর বহদ্দারহাট বাস কাউন্টার থেকে রাঙ্গুনিয়ার অন্তর্গত লিচুবাগান পর্যন্ত শাহ আমানত কোম্পানি তাদের ক্লজডোর বাস সার্ভিস দিয়ে আসছে। এর পাশাপাশি একই রুটে এ বি ট্রাভেলস কোম্পানিও একই সেবা প্রদান করে থাকে। বহদ্দারহাট থেকে গেইটলক সার্ভিসে চলা এই বাসগুলোর এবি ট্রাভেলসের প্রথম টপেজ(কাউন্টার) রাঙ্গুনিয়ার গোডাউন ব্রিজ এবং শাহ আমানত বাসের জন্য তা রাঙ্গিনুয়ার অন্তর্গত শান্তির হাট কাউন্টার।

উদ্বোধন উপলক্ষে কাউন্টারগুলোতে ব্যানার ও প্লাকার্ড ঝুলিয়েছে কর্তৃপক্ষ

তাই এমন পরিস্থিতিতে ফিরতি পথে চুয়েটের শিক্ষার্থীদের পাশাপাশি পাহাড়তলী ও রাউজানের যাত্রীরা চাইলেও চুয়েট গেইট থেকে সরাসরি বাসে করে শহরের উদ্দেশ্যে রওনা হতে পারে নি। তবে এবার আশার আলো জাগিয়েছে শাহ আমানত কোম্পানি। চুয়েট গেইট সংলগ্ন কাউন্টার উদ্বোধনে তারা এগিয়ে এসেছে।

উপরোক্ত বিষয়ে গুলো নিশ্চিত করে শাহ আমানত বাস সার্ভিসের সহসভাপতি নারায়ণ দে চুয়েটনিউজ২৪’কে বলেন, চুয়েট গেইট সংলগ্ন কাউন্টার স্থাপনে আমরা এগিয়ে এসেছি। এই হতে বহদ্দারহাট পর্যন্ত জন প্রতি ভাড়া ৫০ টাকা নির্ধারণ করা হয়েছে । রাঙ্গুনিয়ার লিচু বাগান হতে বহদ্দারহাটের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রতিটি বাসই চুয়েট গেইট থেকে যাত্রী তুলবে।

চুয়েট গেইট সংলগ্ন স্থানে শাহ আমানত বাসের কাউন্টার সম্পর্কে চুয়েটে সমাপনী বর্ষের শিক্ষার্থী মহসিন ইবনে মোবারক মারুফ বলেন, কর্তৃপক্ষের সিদ্ধান্ত সময়োপযোগী। আমরা চুয়েট শিক্ষার্থীরা অনেক সময় সরাসরি বহদ্দারহাট যেতে চাইলে লেগুনা কিংবা সিএনজি তে ভরসা করতে হয়। ঝড় বৃষ্টির দিনে সিএনজি গুলোতে ভাড়া বেশি এবং যাতায়াত রিস্ক মনে হয়। সময়ও বেশি লাগে। শাহ আমানত বাস সার্ভিসে গেলে সময়ও কম লাগছে সাথে আলাদা করে ঝামেলা পোহাতে হবে না আশা করি। তবে চুয়েট শিক্ষার্থীদের জন্য স্টুডেন্ট পারপাসে আলাদা কোটায় স্টুডেন্ট ভাড়া রাখলে আরও ভালো হতো।