সজীব কুমার কর:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) অধ্যয়নরত শিক্ষার্থীদের সংগঠন অ্যান্ড্রোমিডা স্পেস এন্ড রোবটিক্স রিসার্চ অর্গানাইজেশনের (অ্যাসরো) ৩৫ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে । নতুন কমিটিতে সভাপতি হিসেবে তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তাশদীদ আব্বাসী তন্ময় এবং সাধারণ সম্পাদক হিসেবে একই বিভাগ ও বর্ষের মুইন মুসতাহসিন প্রীতম মনোনীত হয়েছেন।
গত ৪ জুন (রবিবার) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের পশ্চিম গ্যালারিতে সংগঠনটির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় । উক্ত অনুষ্ঠানে ২০২২-২০২৩ সেশনের কার্যকর কমিটি ঘোষণা করেন সংগঠনটির বিদায়ী সভাপতি মৃন্ময় মোদক৷ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের প্রভাষক এবং অ্যাসরো’র কার্যকরী মেন্টর আদিত্য চৌধুরী।
কমিটির অন্যান্য সদস্যবৃন্দ হলেন সহ-সভাপতি – তাহজিব তাজওয়ার প্রান্তিক এবং দিবাকর মহাজন নয়ন , যগ্ম-সাধারন সম্পাদক- সৌরভ দাস, সাংগঠনিক সম্পাদক- সিদ্ধার্থ মুখার্জি এবং অর্থ সম্পাদক- অর্ক চক্রবর্তী প্রমূখ।
মেন্টর আদিত্য চৌধুরী বলেন ,অ্যাসরো’র মতো সংঘটনগুলো চুয়েটে খুব ভালো কাজ করছে। তাদের হাত ধরে রোবটিক্সসহ রিসার্চের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে আমাদের শিক্ষার্থীদের অংশগ্রহন আরো বাড়বে বলে আশা করছি।
এদিকে নবনির্বাচিত সভাপতি তাশদীদ আব্বাসী তন্ময় বলেন, অ্যাসরোর হাত ধরে অনেক কিছু শিখেছি। আশা করি সকলের সহযোগীতায় অ্যাসরো-কে আরো এগিয়ে নিয়ে যেতে পারবো। তাছাড়া সভাপতির মতো এতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দেয়ার জন্য বিদায়ী কমিটির সবাইকে ধন্যবাদ জানাই।
এছাড়াও তিনি নতুন কমিটির পরিকল্পনা সম্পর্কে তাশদীদ বলেন, এ বছরের কার্যক্রমে জাতীয় রোবটিক্স প্রতিযোগিতা , সাইবার নিরাপত্তা প্রতিযোগিতা সহ আরও বেশ কিছু ইভেন্ট আয়োজন করার পরিকল্পনা আছে। মেয়েদেরকে রোবটিক্স ও প্রোগ্রামিং এ আগ্রহী করার লক্ষ্যে সম্প্রতি গঠিত অ্যাসরো’র উইমেন্স উইং এর প্রসার ও বিস্তার সহ গবেশনা ও প্রকাশনা বিষয়ক কিছু সেমিনার করার ইচ্ছা আছে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিবৃন্দ বিদায়ী কমিটির সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন।