চুয়েটে শেষ হলো জাতীয় পর্যায়ের সমস্যা সমাধান প্রতিযোগিতা

ফাহিম উদ্দিনঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(চুয়েট) সংগঠন সাপ্লাই চেইন অ্যান্ড বিজনেস এলায়েন্স, চুয়েট এর পরিচালনায় জাতীয় পর্যায়ের সাপ্লাই চেইন বিষয়ক সমস্যা সমাধান প্রতিযোগিতার সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। গতকাল (শুক্রবার) সকাল ৯টায় শেখ কামাল আইটি বিজনেস ইনকিউবেটর এর সম্মেলন কক্ষে দেশের বিভিন্ন পর্যায়ের করপোরেট ব্যক্তিত্ববর্গের উপস্থিতিতে  অনুষ্ঠানের পর্দা উন্মোচিত হয়।

অনুষ্ঠানের প্রথম পর্যায়ে সকাল ৯টায় ‘বিপণন বিতরণ ও চাকরী দাতাদের চাহিদা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারের মূল প্রবন্ধ  উপস্থাপন করেন বাংলা ট্র্যাক লিমিটেড কোম্পানির রিটেইল সেলস বিভাগের প্রধান মোঃ আল-আমিন সরকার।

এতে আরো উপস্থিত ছিলেন নগদ কোম্পানির মার্কেট পরিচালক মোঃ শহীদ উল্লাহ, ইউনিপোলার অটোমেশন লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক হুমায়ুন কবীর, বাংলা ক্যাট কোম্পানির ইলেকট্রিক পাওয়ার বিভাগের প্রধান প্রকৌশলী জয়দেব নাথ, ভোল্ট মিলিস এনার্জি লিমিটেড  এর বিজনেস ডেভেলপমেন্ট বিভাগের পরিচালক আরিফুর রহমান ,পার্টিকলস বাংলাদেশ লিমিটেড এর বিপণন বিভাগের প্রধান মোঃ আহসান হাবিব, হ্যাংগার্স প্লাস বাংলাদেশ লিমিটেড এর অপারেশন ম্যানেজার মাইনুল ইসলাম সাগর, হান্টসম্যান বিডি পিটিই লিমিটেড এর সাপ্লাই চেইন লিড আদনানুল হাদি সিকদার সহ প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন আগত করপোরেট ব্যক্তিবর্গ।

২য় পর্যায়ে দুপুর ৩টা হতে প্রতিযোগীদের সমাধান উপস্থাপনা শুরু হয়। ৩১টি বিশ্ববিদ্যালয় হতে ১০৪টি দল প্রাথমিক পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। নির্বাচিত ১৫টি দল গতকালকের  সমাপনী পর্যায়ে নিজেদের সমাধান উপস্থাপন করেন। এরপর ৩টি দলকে বিজয়ী ঘোষণা করা হয়। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের দল দ্য ভিঞ্চি ডেসাইফার, ১ম রানার আপ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দল টিম ফোনিক্স এবং ২য় রানার আপ এর মর্যাদা লাভ করে চুয়েটের দল থিংক বিজনেস।

সর্বশেষ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. রেজাউল করিম এবং যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক ড. জামাল উদ্দীন। অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন। পুরষ্কার হিসেবে চ্যাম্পিয়ন দলকে ১৫০০০টাকা, ১ম রানার আপ দলকে ১২০০০টাকা এবং ২য় রানার আপ দলকে ৮০০০টাকা প্রদান করা হয়।

সংগঠনটির সহ-প্রতিষ্ঠাতা এবং প্রাক্তন সভাপতি অংকুর দাস অভি বলেন, “সাপ্লাই চেইন এন্ড বিজনেস অ্যালায়েন্স, চুয়েট বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম ডেডিকেটেড প্লাটফর্ম যেখানে সাপ্লাই চেইন এর বিষয়গুলো নিয়ে চর্চা এবং আলোচনা করা হয়। আমাদের যাত্রা শুরুর পর এটিই আমাদের প্রথম জাতীয় কোনো আয়োজন। আমরা চেষ্টা করেছি সকলকে সাপ্লাই চেইন এবং বিজনেস বিষয়ে উৎসাহিত করার জন্য। সকলের সহযোগিতা এবং আগ্রহ দেখে আমরা অভিভূত। এই আয়োজনের সাথে জড়িত সকল মানুষের কাছে আমরা কৃতজ্ঞ।”

এছাড়া প্রতিষ্ঠাতা শাকিল আহমাদ ইকবাল প্রতিযোগিতার উদ্দ্যশ্য সম্পর্কে বলেন,’দেশের ইন্ডাস্ট্রির বর্তমান ও ভবিষ্যতের বিভিন্ন বাস্তবধর্মী সমস্যা গুলো তুলে ধরা এবং এর সমাধান সম্পর্কে ভবিষ্যত করপোরেট কর্মকর্তাদের সচেতন করাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য।‘