চুয়েটে শুরু হয়েছে আন্তঃহল ভলিবল প্রতিযোগিতা

চুয়েটনিউজ২৪ ডেস্কঃ
শীতকালীন খেলাধুলায় মুখরিত চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) প্রাঙ্গন। ব্যাডমিন্টন, ভলিবল, টেবিল টেনিস এবং ক্যারাম প্রভৃতি খেলায় মেতে আছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আজ বুধবার চুয়েটে শুরু হয় আন্ত:হল ভলিবল প্রতিযোগিতা- ২০২২।

বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা শাখা কর্তৃক আয়োজিত এবারের আসরে সকল ম্যাচই অনুষ্ঠিত হবে স্বাধীনতা চত্বর (গোলচত্ত্বর) সংলগ্ন ভলিবল কোর্টে (অস্থায়ী)। ছেলেদের পাঁচটি আবাসিক হলের প্রতিনিধি দল নিয়ে আয়োজন হয় এবারের প্রতিযোগিতা।

আজ(বুধবার) বিকেল সাড়ে তিন ঘটিকায় চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় চুয়েটের প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সুনীল ধর, যন্ত্রকৌশল অনুষদের ডিন ও রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. শেখ মোহাম্মদ হুমায়ুন কবির, ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিমসহ বিভিন্ন আবাসিক হলের প্রভোস্ট, সহকারী প্রভোস্ট, চুয়েট পরিবারের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

এদিকে উদ্বোধনী ম্যাচে শেখ রাসেল হলের মুখোমুখি হয় শহীদ তারেক হুদা হল। খেলায় শহীদ তারেক হুদা হল ২-১ সেটে শেখ রাসেল হলকে পরাজিত করে।

প্রতিযোগিতার বিষয়ে শেখ রাসেল হল দলের খেলোয়াড় ও তড়িৎ কৌশল বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাইমুন আলম জানান, শীতকালীন সময়ে বাংলাদেশে ভলিবল খেলার জনপ্রিয়তা বেড়ে যায়। এরকম আয়োজন বিশ্ববিদ্যালয়কে সন্ত্রাস, মাদক ও জঙ্গিবাদ মুক্ত রাখতে সাহায্য করবে। আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তর ও শারীরিক শিক্ষা শাখাকে এ আয়োজনে জন্য ধন্যবাদ জানাচ্ছি।