চুয়েটে জরায়ু মুখ ক্যান্সার বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

নিউজ ডেস্কঃ-
বর্তমান বিশ্বের অন্যতম ভয়ংকর রোগ জরায়ুমুখ ক্যান্সারের উপর চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (০৯ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সভাকক্ষে এটি আয়োজিত হয়। চুয়েটের পরিবেশবাদী সংগঠন গ্রিন ফর পিস এবং সন্ধানী চট্টগ্রাম মেডিকেল শাখার উদ্যোগে সেমিনারটি আয়োজিত হয়।

বিকাল ৪ টায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েট উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রফিকুল আলম। পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. রেজাউল করিম, রেজিস্টার (অতিরিক্ত দায়িত্ব) ড. হুমায়ুন কবির, গ্রিন ফর পিস এর প্রধান উপদেষ্টা প্রফেসর ড. জামাল উদ্দিন আহমেদ এবং পানিসম্পদ কৌশল বিভাগের প্রধান অধ্যাপক ড. আয়েশা আক্তার।

অনুষ্ঠানে কিনোট স্পিকার হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার ডা. পুনাম পালিত। তিনি উপস্থিত শিক্ষার্থীদের জরায়ু মুখ ক্যান্সার নিয়ে ব্যাপক ধারণা দেন। সেমিনারে নারী শিক্ষার্থীদের পাশাপাশি উল্লেখযোগ্য পরিমাণ পুরুষ শিক্ষার্থীরাও অংশগ্রহণ করে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেয় গ্রিন ফর পিসের সভাপতি মোঃ আল-আমিন ইসলাম।

মোঃ আল-আমিন ইসলাম বলেন, বরাবরের মতই গ্রিন ফর পিস, চুয়েট সচেতনতামূলক কার্যক্রম করে আসতেছে। ‘জরায়ুমুখ ক্যান্সার সচেতনতামূলক প্রোগ্রাম’ শীর্ষক আজকের সেমিনারটি সফলভাবে সম্পন্ন করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট টিমকে এবং গ্রিন ফর পিসের সন্মানিত প্রধান উপদেষ্টামন্ডলি সহ উপস্থিত সকলকে। সচেতনতা ছড়িয়ে পড়ুক সবার মাঝে।

অনুষ্ঠানে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিটের সভাপতি আমজাদ বাবু বলেন, জরায়ুমুখ ক্যান্সার সচেতনতা বৃদ্ধিতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে সন্ধানী চট্টগ্রাম মেডিকেল কলেজ ইউনিট। চুয়েটে এই কার্যক্রমকে এগিয়ে নিতে গ্রীন ফর পিস আয়োজিত এই সেমিনার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করি সেমিনারে অংশগ্রহণকারী প্রত্যেক সদস্য এই ব্যপারে জানসচেতনতা সৃষ্টিতে অগ্রণী ভুমিকা পালন করবেন।

প্রসঙ্গত, বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে ২০২০ সালে বিশ্বে প্রায় ৬.০৪ লাখ নারী জরায়ু মুখ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন এবং প্রায় ৩.৪২ লাখ নারী এ ক্যান্সারে মৃত্যুবরণ করেছেন। তাই নারীদের মাঝে এ বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে আয়োজিত এরকম সেমিনার যথেষ্ট প্রশংসার দাবি রাখে।