চুয়েটে আয়োজিত হলো রোবোটিক গাড়ির দৌড় প্রতিযোগিতা

ফাইয়াজ মুহাম্মদ কৌশিকঃ
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েটে) আয়োজিত হলো দিনব্যাপি অন্তঃ বিশ্ববিদ্যালয় রোবোটিক্স উৎসব। এর আয়োজন করেছে চুয়েটের রোবটিক চর্চা ও গবেষণামূলক সংগঠন রোবোমেকাট্রনিক্স এসোসিয়েশন (আর এম এ)। আজ শুক্রবার(২৩ ফেব্রুয়ারি) সকাল দশটায় বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর সংলগ্ন বাস্কেটবল মাঠে এ উৎসব অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল “রোবো রেস”

আয়োজকদের দাবি বিশ্ববিদ্যালয় পর্যায়ে প্রতিবছরই চুয়েটের নবাগত শিক্ষার্থীদের রোবোটিক্স বিষয়ে প্রাথমিক ধারণা এবং তার প্রায়োগিক দিক উপস্থাপনের পাশাপাশি বিভিন্ন প্রজেক্ট নিয়ে ধারণা দেওয়ার জন্য এ ধরনের আয়োজন করে থাকেন তারা। এ বছর প্রতিযোগিতার মূল আকর্ষণ ছিল “রোবো রেস”। সকাল ১০টায় শুরু হওয়া এ প্রতিযোগীতায় ১ম রাউন্ডে ১৫ টি দল অংশগ্রহণ করে যাদের মধ্যে ফাইনাল রাউন্ডে ওঠে ৫ টি দল। যেখান থেকে চ্যাম্পিয়ন হয়েছে “টিম টিউবলাইট” এবং রানার্স আপ হয়েছে টিম “রোবোম্যাড”। চ্যাম্পিয়ন ও রানার আপ এর জন্য নগদ অর্থ সহ আকর্ষণীয় বিভিন্ন পুরস্কারের ব্যবস্থা করা হয়। সংশ্লিষ্টরা জানায়,চুয়েটে রোবোটিক্স সংক্রান্ত বিভিন্ন প্রতিযোগীতার পাশাপাশি তারা বিভিন্ন প্রতিষ্ঠানকে রোবোটিক্স সহায়তা দিয়ে থাকেন। এ ছাড়াও তাদের “চুয়েট বাস ট্রাকিং সিস্টেম” নামে একটি চলমান প্রজেক্ট রয়েছে বলে জানা যায়।

“রোবো রেস” এর জন্য তৈরিকৃত ট্র্যাক

সংগঠনটির সভাপতি আশফাক উদ্দিন আহমেদ বলেন,এ ধরনের প্রতিযোগীতা আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে জুনিয়রদের রোবোটিক্স এবং ইলেক্ট্রনিক্স এর দিকে আকৃষ্ট করা।দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে তাল মিলিয়ে চুয়েটে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের এ বিষয়গুলোর প্রতি আরও আগ্রহী করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে চ্যাম্পিয়ন দল “টিউবলাইট” এর সদস্য পার্থস্বারথী গোস্বামী বলেন, এরকম প্রতিযোগীতায় অংশগ্রহণের ফলে উনারা অনেককিছু শিখতে পারবেন পাশাপাশি তাদের ব্যবহারিক জ্ঞান ও ভবিষ্যতে রিসার্চ এর ক্ষেত্রে বড় ভূমিকা রাখবে।