আসাদুল্লাহ গালিব:
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) প্রথমবারের মতো আয়োজিত হলো অনলাইন ছবি সম্পাদনা প্রতিযোগিতা ‘অ্যাপারচার টু আর্ট’। চুয়েট ফটোগ্রাফি সোসাইটি কর্তৃক আয়োজিত এই প্রতিযোগিতায় ২২ এবং ২৩ আবর্তের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
গত ১৮ এপ্রিল, শুক্রবার উক্ত প্রতিযোগিতার ফলাফল প্রকাশিত হয়। যেখানে প্রথম স্থান অধিকার করেন নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থী মিনহাজুল ইসলাম । দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেন যথাক্রমে স্থাপত্য বিভাগের শিক্ষার্থী মোঃ ইসফাক আহমেদ এবং কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষার্থী বিশাখা বিভা। চতুর্থ স্থান অধিকারস্বরূপ বিশেষভাবে উল্লেখিত হয়েছেন স্থাপত্য বিভাগের শিক্ষার্থী সৌরভ পুরোহিত। প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেছেন চুয়েট ফটোগ্রাফি সোসাইটি এর সাবেক সভাপতি পিয়াস ভৌমিক।
চুয়েট ফটোগ্রাফি সোসাইটির সভাপতি তানভীর আহমেদ চুয়েটনিউজ২৪ কে বলেন, “ছবির মূল ভিত্তি হলো ছবি সম্পাদনা। একটি সাধারণ ছবিকে অসাধারণ করে তোলার জন্য ছবি সম্পাদনার গুরুত্ব অপরিসীম। এটি শুধু সৌন্দর্য বৃদ্ধি করে না, ছবির মূল বক্তব্যও আরও পরিষ্কার করে তোলে। ২২ ও ২৩ ব্যাচের শিক্ষার্থীদের অংশগ্রহণ অত্যন্ত প্রশংসনীয় ছিল। তাদের ছবির প্রতি ভিন্ন দৃষ্টি, ছবিগুলোর সৌন্দর্য আরো বৃদ্ধি করেছে। ২০ ও ২১ ব্যাচের এক্সিকিউটিভ মেম্বারদের পরিকল্পনা পুরো প্রোগ্রাম সুন্দরভাবে করতে সাহায্য করেছে।”
উল্লেখ্য, আগামী বার্ষিক সাধারণ সভায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে। পুরস্কার হিসেবে বিজয়ীদের জন্য রয়েছে ক্রেস্ট এবং রিং ।