ওয়েবিনার অন টাওয়ার কনস্ট্রাকশন শীর্ষক অনলাইন কার্যক্রম

চুয়েটনিউজ২৪ডেস্কঃ

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) এসিআই স্টুডেন্ট চ্যাপ্টারের আয়োজনে ১৫ মে শুক্রবার ‘ওয়েবিনার অন টাওয়ার কনস্ট্রাকশন উইদ ইঞ্জিনিয়ার মোকসুদুর রহমান এফআইইবি পিএমপি’ শীর্ষক অনলাইন কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের এই সময়ে ঘরে বসে নির্মাণ সম্পর্কিত জ্ঞান অর্জন এবং অসহায় মানুষদের পাশে দাড়ানোর সুযোগ সৃষ্টির লক্ষ্যে অনলাইন কার্যক্রমটি। শুক্রবার দুপুর ২ ঘটিকায় কার্যক্রমটি শুরু হয়ে প্রায় ৪ ঘন্টা যাবত চলতে থাকে।

অনুষ্ঠানটির কী-নোট স্পিকার হিসেবে ছিলেন প্রকৌশলী মোকসুদুর রহমান। তিনি প্রায় ১৬ বছর যাবত সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে একটি স্বনামধন্য নির্মাণ প্রতিষ্ঠানে সফলতার সঙ্গে কাজ করে আসছেন। তিনি চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগ থেকে ২০০৩ সালে স্নাতক সম্পন্ন করেন। তার তত্ত্বাবধানে নির্মিত ভবনগুলোর মধ্যে অন্যতম হল- ফেয়ারমন্ট পাম হোটেল এন্ড রিসোর্ট, কিংডম অফ সেবা, সারাইয়াস ডাব্লিউ-আম্মান হোটেল (জর্ডান), মারিনা ১০১ টাওয়ার, ডামাক টাওয়ারস বাই প্যারামন্ট।

প্রায় ৪ ঘন্টাযাবত চলমান এই ওয়েবিনারে প্রকৌশলী মোকসুদুর রহমান তার অভিজ্ঞতা তুলে ধরেন। এছাড়াও বিভিন্ন প্রজেক্টে কাজ করার সময়কার বাধা-বিপত্তি, সমস্যা , সাফল্য ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। প্রশ্নোত্তর পর্ব শেষে এরকম আরো কয়েকটি সেশন আয়োজনের মাধ্যমে টাওয়ার কনস্ট্রাকশন বিষয়ক সম্পূর্ণ পর্যালোচনা শেষ করার ইচ্ছা পোষণ করেন।

ওয়েবিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের পুরকৌশল বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সুদীপ কুমার পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, পেশাগত জীবনের কার্যক্রমের পাশাপাশি শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার জন্য এই ধরণের ওয়েবিনার আয়োজনের কোন বিকল্প নেই।

পুরো ওয়েবিনারটি সফলভাবে এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের অনুষদ উপদেষ্টা অধ্যাপক ড. জি এম সাদেকুল ইসলামের নেতৃত্বে আয়োজিত হয়।

এসিআই স্টুডেন্ট চ্যাপ্টার চুয়েটের সভাপতি মো. জোবায়ের হোসেন তাকির উপস্থাপনায় অনুষ্ঠিত এই ওয়েবিনারে ৯০ জন শিক্ষার্থী, শিক্ষক এবং পেশাজীবী অংশগ্রহণ করেন। ওয়েবিনারটিতে ‘মাইক্রোসফট টিমস মিটিং’ সফটওয়্যার ব্যবহার করা হয়।

তাং:১৬/০৫/২০২০